চাঁদাবাজ ও দুর্নীতিবাজমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন – অধ্যক্ষ শাহাবুদ্দিন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বগুড়া-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, গণবিপ্লবের পর দেশে আবারও নীরব চাঁদাবাজি শুরু হয়েছে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাত থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে।
২৭ জানুয়ারি শনিবার বিকেলে সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পূর্ব তেকানী জামে মসজিদ চত্বরে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তেকানী চুকাইনগর ইউনিয়ন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, সোনাতলা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল করিম, বগুড়া শহর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিন মিয়া, সোনাতলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল ও উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম।
পথসভায় উপস্থিত ছিলেন মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজি মাওলানা জহুরুল ইসলাম, যুব জামায়াতের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, সোনাতলা উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ শাকিল, সেক্রেটারি ফজলে রাব্বি নাসিম, সোনাতলা থানা ছাত্রশিবিরের সভাপতি লাবিবুল হাসান, তেকানীচুকাইনগর ইউনিয়ন জামায়াতের আমীর ইলিয়াস উদ্দিন ও সেক্রেটারি এমাজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।



