জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
‘গত ১৫ বছর আমরা মজলুম ছিলাম। মজলুমরা এখন আবার জালিম হতে যাবে কেন? এই সরকার গঠনের পর আমাদের পাঁচজনকে খুন করা হয়েছে। আমরা কি আবার খুনের রাজত্ব কায়েম করতে চাই? না, চাই না। তাই এখানেই ফুলস্টপ। আর সামনে খুনের দিকে পা বাড়াবেন না।’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এসব কথা বলেছেন। তিনি বলেন, ‘এ দেশের মানুষ, বিশেষ করে যুবসমাজ, কারও চোখ রাঙানিকে ভয় করে না। এ দেশের মানুষ আর ফ্যাসিবাদ চায় না। হাজার চেষ্টা করেও ফ্যাসিস্ট হতে পারবেন না। কিন্তু আপনারা তো সেই পথেই পা বাড়াচ্ছেন।’ সোমবার সকাল ১১ ঘটিকায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় নিহত ইসলামী ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ও মোহাম্মদ সালাউদ্দিন হত্যার বিচার দাবিতে আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন। বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জনতার রায়কে উপেক্ষা করে কেউ টিকতে পারেনি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের রায়কে সম্মান করুন। বৃহত্তর রংপুরবাসীকে বঞ্চিত করার অধিকার কারও নেই। যারা বঞ্চিত করবে, তারা গণদুশমন।’ ‘গায়ে পড়ে ঝগড়া করতে আসবেন
না’Ñএমন সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ‘২৪-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে সব ময়লা পরিষ্কার করার জন্য। যারা চাঁদাবাজি ও দখলদারির নেশায় আসক্ত হয়ে মানুষ খুন করছে, তারা সমাজের আবর্জনা। সমাজ থেকে এসব পরিষ্কার করতে হবে।’ ক্ষমতা চিরস্থায়ী নয় মন্তব্য করে জামায়াতের আমির বলেন, ‘ক্ষমতা কারও কোমরের নিচে চিরস্থায়ী নয়। মহান আল্লাহ যাদের সম্মান দিয়ে ক্ষমতায় বসান, তাদের আবার আছাড় মেরে টুকরো টুকরো করে দেন।’ নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার বিচার দাবি করে তিনি বলেন, ‘প্রশাসন কারও দলীয় বাহিনী নয়। প্রশাসন এ দেশের সম্পদ। তারা সবার হয়ে কাজ করবে।’ গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আমির আব্দুল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসাইন, সেক্রেটারি আব্দুল গফুর প্রমুখ। এর আগে ডা. শফিকুর রহমান উপজেলার বোনারপাড়া শিমুলতাইড়ে নিহত ইসলামী ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবর জিয়ারত করেন।