বগুড়ার খবর
আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস উদযাপন

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বারোটা এক মিনিটে উপজেলা প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের নেতৃত্বে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার আছিব হোসেন, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে আট ঘটিকার সময় থেকে শ্রদ্ধা নিবেদনে পুষ্প স্তবক অর্পণ করতে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহিদ মিনার। সেখানে উপজেলার বিভিন্ন সরকারি, বে-সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান গুলো একে একে শ্রদ্ধা নিবেদন করতে থাকে। এরপর শুরু হয় শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।
প্রতিযোগিতা শেষে উপজেলার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত শহিদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া) সংসদীয় আসনের নব-নির্বাচন সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা সুলতানা, সার্কেলের সহকারি পুলিশ সুপার আছিব হোসেন। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফজলে রাব্বি।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।



